ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ  জেলা টাস্কফোর্স কমিটির সভা 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ (০৮ অক্টোবর হতে ২৯ অক্টোবর) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মৎস্য দপ্তরের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা বাস্তবায়নে ছিল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সকল নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “মা ইলিশ রক্ষা করা মানে আগামীর ইলিশ সম্পদ রক্ষা করা। জাতীয় এই সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ সময়ে কেউ নদীতে নামলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রকৃত জেলেদের জন্য সরকারি সহায়তা (ভিজিএফ) নিশ্চিত করা হবে। জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে মাঠে থাকবে।”

তিনি জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২২ দিন ধৈর্য ধরে সরকারি নির্দেশনা মেনে চলুন, এতে পরবর্তীতে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং আপনারা লাভবান হবেন।

পুরাতন সংবাদ পড়ুন
« ফেব্রুয়ারি ২০২৯ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮