জেলা পুলিশ সুপারের নেতৃত্বে নারায়ণগঞ্জের চাষাঢ়ার ঐতিহ্যবাহী খাজা সুপার মার্কেটের চার তলার একটি ফ্লাটের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে সেখান থেকে ২৮ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানাগেছে, ৫ আগষ্টেরপর বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতা এই জুয়ার বোর্ড বসিয়ে কয়েক লক্ষ টাকা কামিয়ে নেন। সড়ক পরিবহনের নেতার আত্মীয়র পরিচয়ে এই জুয়ার বোর্ড পরিচালিত হতো।













