নারায়ণগঞ্জ নগরীকে যানজটমুক্ত করতে সকলের সহযোগীতা চাইলেন নাসিক প্রশাসক শাখওয়াত

নারায়ণগঞ্জ নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে হকারসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (৫ অক্টোবর) নগরের চাষাঢ়ায় যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

হকারদের উদ্দেশে নাসিক প্রশাসক বলেন, “আমি আশা করব, হকার ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আপনারা তো আমাদের ভাই, এই শহরেই বসবাস করেন। আমরা গলাচিপায় (রেললাইনের পাশে) যেভাবে জায়গা করে দিয়েছি, সেখানে আপনারা বসবেন। আমরা আপনাদের বসার ব্যবস্থা করব।”

তিনি বলেন, নির্ধারিত স্থানে বসলে সেখানেও ক্রেতারা গিয়ে কেনাকাটা করবেন। তাই নগরের পরিবর্তনের সঙ্গে হকারদেরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নগরের পরিবর্তনের সঙ্গে অপরাধ কমানোর সম্পর্ক তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা এই নারায়ণগঞ্জের একটা গুণগত পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা হলে অপরাধপ্রবণতাটাও কমে যাবে।”

তিনি বলেন, “আমরা চাই অপরাধমুক্ত একটা নারায়ণগঞ্জ শহর। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নারায়ণগঞ্জকে গ্রিন এবং ক্লিন সিটিতে পরিণত করতে চাই। পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সকল শ্রেণি-পেশার মানুষ আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

নগরে অটোরিকশা ও রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে নাসিক প্রশাসক বলেন, নির্ধারিত ব্যবস্থার আওতায় যেসব অটোরিকশা ও রিকশাকে পরিচয়পত্র দেওয়া হয়েছে, সেগুলোই নগরে চলাচল করতে পারবে।

যানজট নিয়ন্ত্রণে জনবল বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সিটি করপোরেশনে ৫০ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ জন আগে নেওয়া হয়েছিল এবং গত দুই দিনে আরও ২০ জন নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও আনসার নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন খান বলেন, তার সঙ্গে ৪৯ জন যানজট নিয়ন্ত্রণকর্মী এবং প্রায় ৬০ জন উচ্ছেদকর্মী রয়েছেন। তাদের সবাইকে যানজট নিয়ন্ত্রণ ও নগরের শৃঙ্খলা ফেরানোর কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১