নিরাপত্তার জন্য ডিসির কাছে বৈধ অস্ত্র ফেরত চেয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

নারায়ণগঞ্জে অপহরণের শিকার ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার কথা উল্লেখ করে থানায় জমা থাকা দুটি বৈধ লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে সোহাগ উল্লেখ করেন, তাঁর নামে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা একটি .৩২ বোর এনপিবি পিস্তল ও একটি শর্টগান রয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ আগস্ট অস্ত্র দুটি ও সংশ্লিষ্ট গুলি ফতুল্লা মডেল থানায় জমা দেন তিনি।
আবেদনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন নিরাপত্তাজনিত শঙ্কার মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০২৫ সালের ১ জুন রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে তিনি অপহৃত হন। পরদিন পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তাঁর স্ত্রী তানিয়া আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলাটির তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। গত ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা আমলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করেন।
সোহাগ আবেদনে দাবি করেন, মামলার অভিযোগপত্র দাখিলের পর থেকে তিনি নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন এবং নিরাপত্তাহীনতার মধ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ কারণে ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার জন্য তাঁর বৈধ লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ফেরত পাওয়া একান্ত প্রয়োজন।
এর আগেও অস্ত্র ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিলেন সোহাগ। চলতি বছরের ১৪ মার্চ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির কাছেও আবেদন করে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অস্ত্র ফেরত পাওয়ার বিষয়ে সহযোগিতা চান তিনি।
সর্বশেষ আবেদনে নিজের নামে ইস্যু করা বৈধ লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ সোহাগ।

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১