মশাবাহীরোগ প্রতিরোধে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি নিজেই কাঁধে ফগার মেশিন নিয়ে বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে শহরের খানপুর বার একাডেমি স্কুল, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধও ছিটানো হয়।

এ সময় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতি শনিবার স্কুল-কলেজ, সরকারি অফিস, পাড়া-মহল্লা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অনেকে আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই বলেও তাদের তথ্যের কথা জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাথরুমের কমোডে দীর্ঘ সময় পানি জমে থাকা, ডাবের খোসা, বিভিন্ন পাত্র কিংবা বৃষ্টির পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিবারের সদস্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ডেঙ্গুমুক্ত রাখার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজার এবং সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১