নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারী একমাত্র কৃতি শিক্ষার্থী শারফীন আহমেদকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর বিকাল ৫টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনে নাসিকের সাবেক প্যানেল মেয়র, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সদস্য বিভা হাসানের উদ্যোগে ১৬, ১৭, ১৮নং ওয়ার্ডের জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।
নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শারফীন আহমেদ বলেন, তার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং বাবা-মায়ের নিয়মিত উৎসাহ ও দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য সে শিক্ষক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শারফীন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শারফীনের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, একাগ্রতা, কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং শারফীন আহমেদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।













