জামায়াত কে সাথে রাখা আর গলায় সাপ পেচিয়ে রাখা, বিএনপিকে অ্যাড.ফজলুর রহমান এমপি

নারায়নগঞ্জ ৭১ নিউজ:  জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি।”

রোববার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, “যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমার মা-বোনের ইজ্জত নিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আপনারা যদি বিশ্বাস করেন সেই জামায়াতে ইসলামী খারাপ সময়ে আপনাদের পাশে থাকবে, তাহলে ভুল করবেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে এক ধরনের বক্তব্য এবং বাইরে আরেক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

একপর্যায়ে জামায়াতকে তীব্র ভাষায় আক্রমণ করে ফজলুর রহমান বলেন, “একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে পড়ে, আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপকে মারবেন।”

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়েও সমালোচনা করেন তিনি।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমেছিল এবং সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে চলে যান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিএনপি এবং তার সরকার চলছে, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে যে লাইন গ্রহণ করেছে, সেই লাইন যদি ঠিক থাকে কেউ সহজে ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই।”

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আবুল কাউছার আশাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০