জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠক শেষে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের প্রশাসনের সঙ্গে বিকেএমইএ ও চেম্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত। বিশেষ করে নগরীর যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে কাজ করছেন এবং প্রশাসনও বিভিন্ন সময়ে সহযোগিতা করছে।

তিনি বলেন, নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের পরিচিতি ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কী ধরনের সংকট ও সমস্যা রয়েছে, সেসব বিষয়ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।

পোশাক খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, গার্মেন্টস খাত ও অন্যান্য ব্যবসায়ীরা কোথায় কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা বৈঠকে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদকের তৎপরতা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বিসিকসহ জেলার বিভিন্ন এলাকার কারখানায় বিভিন্ন লোকজন গিয়ে ঝামেলা সৃষ্টি ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগের বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নবাগত পুলিশ সুপারের বিভিন্ন উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। জেলার বিভিন্ন ধরনের অপরাধ কমে এসেছে বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, নগরীর যানজট নিরসনে পুলিশ সুপার ব্যবসায়ী নেতাদের সঙ্গে আবারও বৈঠক করবেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে বিকেএমইএ ও চেম্বার যৌথভাবে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করবে। এর আগে রমজান ও ঈদের সময়ও একইভাবে যানজট নিরসনে তারা কাজ করেছেন।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, যানজট নিরসনে ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করার পাশাপাশি আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হবে।

বৈঠকে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মো. সামসুজ্জামান, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মো. আবদুল হান্নান ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে জ্যেষ্ঠ সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান ও আহমেদুর রহমান তনু উপস্থিত ছিলেন।

পুরাতন সংবাদ পড়ুন
« ফেব্রুয়ারি ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮