নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা করলেন এড.সাখওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এ দেশে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি কোনো ধরনের অবিচার হলে বিএনপি ও সরকার মিলে ব্যবস্থা নেবে।’

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা সবাই একই সঙ্গে বড় হয়েছি, একই ঘাটের পানি খেয়েছি। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব। বাংলাদেশ সবার, এখানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না।’

তিনি বলেন, ‘এবারের দুর্গাপূজার গুরুত্ব অনেক বেশি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবারই প্রথম দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অতীতে যেভাবে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়েছে, এবার যেন তার চেয়েও সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিএনপির জেলা ও মহানগর পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও এ বিষয়ে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও পাশে থাকবেন।

পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, ‘একটি গোষ্ঠী সব সময় দেশের বদনাম করার চেষ্টা করে। কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে ক্যামেরার আওতায় পুরো মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিমার অলংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীর নিরাপত্তায় নজর দিতে হবে।’

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘চোরের কোনো ধর্ম নেই। সুযোগ পেলেই চুরি করতে পারে। প্রতিমার অলংকার ও কাপড়চোপড় চুরির মতো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনা ঘটুক, যা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের সুযোগ তৈরি হয়, আমরা তা চাই না।’

তিনি আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসন, বিএনপি, শরিক দল, অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজা বিভা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, শিল্পপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১