নারায়ণগঞ্জে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আদালতের বিচারক একই সঙ্গে ঘাতককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণঞ্জের অতিরিক্ত দায়রা জজ (৬ষ্ঠ আদালত) বিচারক নাহিদ নিয়াজী ওই রায় ঘোষণা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার আব্দুল খালেকের ছেলে। মোবারক হোসেন সাত বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে সালেহা বেগমকে হত্যা করে।
আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর কে এম টুটুল চৌধুরী বলেন, আড়াইহাজারের সালেহা বেগমকে ২০০৪ সালে মাদবদীর মোবারক হোসেন বিয়ে করেন। বিয়ের পর থেকে মোবারক তার স্ত্রী ছালেহাকে নিয়ে আড়াইহাজারের শ্বশুর বাড়িতেই থাকতেন। তাদের এক ছেলে, এক মেয়ে সন্তান হয়। সালেহা এক পর্যায়ে সৌদী আরব যায় ও চাকুরী করে। সৌদী থেকে ২০১৯ সালের আগস্ট মাসে সালেহা বাংলাদেশে ফিরে। কলাগাছিয়া উত্তরপাড়ার বাড়ীতে ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে সন্তানের সামনে মোবারক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর পালিয়ে যায়। ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে সালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানায় পরে সালেহা বেগমের বাবা হাসেন আলী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আদালতে বিচারক ঘটনার সাত বছর পর ২০২৬ সালের ২২ নভেম্বর রায় ঘোষণা করেছেন।রায়ের সময় আদালতে আসামী হাজির ছিলো। তাকে কারাগারে পাঠানো হয়।













