নির্যাতনের শিকার হলেও মানুষকে জিম্মি করেননি : অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘আমাদের দলের নেতাকর্মীদের দ্বারা যদি কেউ অন্যায়ভাবে জুলুমের শিকার হন, আমাদের নেতাকর্মীরাও ছাড় পাবে না।’
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ মিয়ার উদ্যোগে ‘হাজীগঞ্জ আদর্শ গ্রাম মৃত ব্যক্তিদের গোসলঘর’ নির্মাণ করা হয়েছে।
মামুন মাহমুদ বলেন, ‘আমরা সরকারি দলে এসেছি নতুন। এর আগে আমরা বিরোধী দলে ছিলাম। বিরোধী দলের রাজনীতি একরকম আর সরকারি দলের রাজনীতি আরেক রকম। আমাদের এখনকার রাজনীতি হলো আপনাদের ভাগ্য উন্নয়নের রাজনীতি।’
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও ব্যবসার সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চান।
বিগত দিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে মামুন মাহমুদ বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনায় তাঁরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করেছেন। নিপীড়ন-নির্যাতনের শিকার হলেও মানুষকে জিম্মি করেননি বলে দাবি করেন তিনি।
এলাকার মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায় দূর করতে স্থানীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি তাঁদের হাত শক্তিশালী করতে এলাকাবাসীর সহযোগিতা চান।
গোসলঘর নির্মাণের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তিরও সম্মান রয়েছে। নারী ও পুরুষের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করে শেষবিদায়ের গোসল করানোর ব্যবস্থা করায় জেলা পরিষদ ও জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১