নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। এখনো সময় আছে, সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় মাদকের ভয়াল থাবা প্রতিটি ঘরে ছড়িয়ে পড়বে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের ২০ নম্বর ওয়ার্ডে বৃহত্তর বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় মসজিদসংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবুল কাউসার আশা বলেন, ‘আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, মাদক ব্যবসায়ীরা আপনার-আমার সন্তানকে হত্যা করছে। সেটা হচ্ছে নেশা সেবনের মাধ্যমে। আজকে যদি কেউ এসে আপনার সামনে আপনার ছেলেকে খুন করে, তাহলে আপনি কি ছেড়ে দেবেন? আমার ছেলেকে খুন করলে আমি কি ছেড়ে দেব?’
বৃহত্তর বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।
সাংবাদিক নেতা সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক শিশুবিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, হাজী আমির হোসেন, হাজী সামাউন হাবিব, মোক্তার হোসেন মামুন ও শহীদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন সমাজসেবক নজরুল ইসলাম, এনামুল হক রোমান, বন্দর থানা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, আবির আহম্মদ, বন্দর থানা নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহম্মদ ও বাবুল মিয়া।
সমাবেশে আহাম্মদ আলী, মো. শহীদুল্লাহ, আব্দুল কাদির, মো. শহীদুল্লাহ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সদস্য এসহাক আজাদ, মোহাম্মদ আলম, নজরুল ইসলাম, হাজী মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন মিন্টু ও মো. লিটন গাজী। অতিথিদের ফুলের পরিবর্তে সাব্বির আহমেদ সেন্টুর লেখা বই উপহার দিয়ে বরণ করা হয়।













