মাদক ও বাল্যবিবাহকে না বলুন — ইন্সপেক্টর নুরুল ইসলাম

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মাদক ও অপরাধমুক্ত রেখে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইন্সপেক্টর নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহ কুফল ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের শারীরিক ও মানসিক সক্ষমতা হারিয়ে পরিবারের বোঝায় পরিণত হয়। একই সঙ্গে মাদক অপরাধ, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়িয়ে দেয়।

তিনি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলতে হবে এবং অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে হবে। কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।”

বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ একটি কিশোর-কিশোরীর স্বাভাবিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও সমাজকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পথে-ঘাটে ইভটিজিংসহ যেকোনো ধরনের হয়রানি থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অন্য কেউ ইভটিজিং বা হয়রানির শিকার হলে বিষয়টি গোপন না রেখে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। ইন্সপেক্টর নুরুল ইসলাম শিক্ষার্থীদের নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, জমে থাকা পানি, ডোবা বা নালা থাকলে তা পরিষ্কার করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে রাতে মশারি ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলার পাশাপাশি এসব বিষয়ে পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার জন্য প্রতিজ্ঞা করান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রোমান আলী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দৈনিক রুদ্র বার্তা পত্রিকার সহকারী সম্পাদক মুহসীন দেওয়ান, আতিকুর রহমান, ডা. মেজবাহ উদ্দিন স্বপন, জাহাঙ্গীর আলম খায়ের, মশিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ডেঙ্গুর বিরুদ্ধে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১