সিদ্ধিরগঞ্জে বন্ডেড সুতা রাজস্ব ফাঁকি ইউএজিএম বিডি লি.মামলা চূড়ান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা রাজস্ব ফাঁকির ঘটনা উদ্‌ঘাটনের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় ইউএজিএম বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত ইউএজিএম বিডি লিমিটেডে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।
প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন ও রপ্তানি করার তথ্য দেখালেও তদন্তে উৎপাদন কার্যক্রমে বড় ধরনের অসংগতি পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দার তদন্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি পিভিসি ফ্লেক্স, পিভিসি ফিল্ম, পিইটি ফিল্ম, কৃত্রিম চামড়া, ডুপ্লেক্স বোর্ড ও কালার বোর্ডসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করত। এসব কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানি করা হয়েছে বলে নথিপত্রে দেখানো হয়।
তবে তদন্তে কারখানাটির ঘোষিত উৎপাদনের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের হিসাবে বড় ধরনের অসংগতি পাওয়া যায়। ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুৎ খরচ ছিল অনেক কম। কারখানায় বিকল্প বিদ্যুৎ সংযোগ, সৌরবিদ্যুৎ কিংবা গ্যাসচালিত উৎপাদনব্যবস্থার কোনো প্রমাণও পাওয়া যায়নি।
এ ছাড়া উৎপাদনের জন্য স্থাপিত যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কারখানাটিতে নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনার উপযোগী ব্যবস্থাও ছিল না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনবিআরের সন্দেহ, প্রতিষ্ঠানটি বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নিয়ে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে পণ্য রপ্তানির তথ্য দেখালেও শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করে থাকতে পারে।
আমদানি, উৎপাদন সক্ষমতা, বিদ্যুৎ ব্যবহার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা প্রতিবেদন চূড়ান্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« নভেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০