আড়াইহাজার থেকে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বন্ড সুবিধায় আমদানি করা ৮০ কাউন্টের সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৪০০ বস্তা সুতা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে বন্ডের কিছু সুতা জব্দের পর এর সূত্র ধরে আড়াইহাজারের ওই গোডাউনের সন্ধান পাওয়া যায়। পরে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা উদ্ধার করেন। জব্দ সুতার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা।
জব্দ সুতার কার্টনে ‘CHINA ORIGIN’ ও ‘CM80S/1’ লেখা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানার জন্য সরকারি শুল্ক-কর সুবিধায় আমদানি করা বন্ডের কাঁচামাল নির্ধারিত ব্যবহারের বাইরে স্থানীয় বাজারে বিক্রি নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, শুল্ক-সুবিধায় আমদানি করা এসব সুতা খোলাবাজারে বিক্রির উদ্দেশে গোডাউনে মজুত করা হয়েছিল।
শিল্পসংশ্লিষ্টদের মতে, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হলে সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, নরসিংদী ও নারায়ণগঞ্জে আটক সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়া অনুসরণ করলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের চিত্র বেরিয়ে আসতে পারে।
তিনি বলেন, শুধু পণ্য আটক করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে, কীভাবে গোডাউনে পৌঁছেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্ত করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, নরসিংদী ও নারায়ণগঞ্জের পাশাপাশি সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও বন্ড সুবিধায় আমদানি করা সুতা ও অন্যান্য কাঁচামাল অননুমোদিতভাবে মজুত বা বাজারজাত করা হচ্ছে।
তাঁরা আটক সুতার প্রকৃত আমদানিকারক, বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান, সরবরাহকারী ও পরিবহন চেইন শনাক্তের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমদানি করা সুতার বিপরীতে কী পরিমাণ উৎপাদন ও রপ্তানি করেছে এবং তাদের বন্ড হিসাবের সঙ্গে আটক পণ্যের কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা।
সুতার মালিক জাহাঙ্গীর বলেন, ‘এই সুতা আমি নারায়ণগঞ্জ টানবাজার থেকে কিনে এনেছি। তবে এটি কোন পোশাকশিল্প কারখানার বন্ডে আমদানি করা হয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১