ঢাবির গণিত বিভাগে প্রথম সোনাতলার ববি, এলাকায় আনন্দের বন্যা

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা: পারিবারিক নানা ঝড়-ঝাপটা ও চরম প্রতিকূলতাকে জয় করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার মেধাবী ছাত্রী মিকাতুন আক্তার ববি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ৩.৬৬ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তার এই গৌরবময় সাফল্যে সোনাতলা উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা, সর্বমহলে চলছে প্রশংসা ও আলোচনা।

মিকাতুন আক্তার ববি উপজেলার ৫নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দড়িহাঁসরাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকি ব্যাপারীর ছোট মেয়ে।

মিকাতুন আক্তার ববি শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, তার শিক্ষার প্রতিটি স্তরেই মেধার স্বাক্ষর রেখেছেন। পারিবারিক সীমাবদ্ধতা ও নানামুখী বাধা উপেক্ষা করে তিনি জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পাওয়ার গৌরব অর্জন করেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তরেও (মাস্টার্স) তিনি সর্বোচ্চ ফলাফল লাভ করেন।

“ছোটবেলা থেকেই মিকাতুন আক্তার ববি ভীষণ কৌতূহলী ও পড়াশোনায় মনোযোগী ছিল। যত কষ্টই হোক, সে কখনো পড়ালেখা থামায়নি। মিকাতুন আক্তার ববির এই অর্জন তার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার পাশাপাশি আমাদের পুরো পরিবারের কষ্ট সার্থক করেছে।” —  মিকাতুন আক্তার ববির পারিবারিক সূত্র

একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রথম স্থান অধিকার করায় ববির গ্রামের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্থানীয় বাসিন্দারা জানান, ববি পুরো সোনাতলা উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। তাকে দেখতে এবং অভিনন্দন জানাতে প্রতিদিন শুভাকাঙ্ক্ষী ও এলাকার সুধীজনরা তাদের বাড়িতে ভিড় করছেন।

নিজের এই অনন্য অর্জনের পর ববি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, তিনি তার স্বপ্ন পূরণ করে আগামীতে পরিবার, সমাজ তথা দেশের মানুষের কল্যাণে সেবামূলক কাজ করতে চান। নিজের ভবিষ্যৎ পথচলা যেন আরও সুন্দর ও মসৃণ হয়, সেজন্য তিনি তার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

পুরাতন সংবাদ পড়ুন
« জুন ২০২৩ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০