
অবৈধ অস্ত্র মাদকের সঙ্গে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না : সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী
রাজনৈতিক পরিচয় যাই হোক, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। একইসঙ্গে নারায়ণগঞ্জে অতীতে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যেসব অস্ত্রের লাইসেন্স দীর্ঘদিন নবায়ন করা হয়নি, সেগুলোও যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর একটি জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।














